‘ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর এক মিনিটেই বিদায়’
· Prothom Alo
বগুড়ায় শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে অভিনেতা সোহেল খানের। আজ মঙ্গলবার সকালে নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে প্রস্তুত হয়েছিলেন তিনি। কিন্তু ক্যামেরার সামনে আর দাঁড়ানো হলো না তাঁর। সহকর্মীদের কাছে এই বিদায় যেন মেনে নেওয়ার মতো নয়। সোহেল খানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করছেন সহশিল্পী ও নির্মাতারা। তাঁদের পোস্টে উঠে আসছে একসঙ্গে কাজ, আড্ডা, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতির কথা।
Visit somethingsdifferent.biz for more information.
অভিনেত্রী দীপা খন্দকার ফেসবুকে লিখেছেন, ‘আহা, কী দারুণ! ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর এক মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’ শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
‘একে একে সব ভিলেন মারা যাবে’, শেষ দৃশ্যের আগেই বিদায় নিলেন সোহেল খানঅভিনেতা সোহেল খান। ছবি: ফেসবুক থেকেসহকর্মী অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, তাঁদের সহকর্মী অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ায় শুটিংয়ে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। একসঙ্গে অনেক কাজের স্মৃতি মনে পড়ছে জানিয়ে খুশি লিখেছেন, ‘মনে পড়ছে অনেক কথা, সোহেল ভাই!’
নির্মাতা ও অভিনেতা কচি খন্দকারের সঙ্গে সোহেল খানের সম্পর্ক ছিল বন্ধুর মতো। একসঙ্গে প্রায়ই তাঁরা আড্ডা দিতেন। ‘এফডিসি’ ধারাবাহিক থেকে সর্বশেষ ‘আই লাভ মেট্রোরেল’—তাঁর অসংখ্য নির্মাণে অভিনয় করেছেন সোহেল খান। কচি খন্দকার লিখেছেন, ‘মাত্র পাঁচ-ছয় দিন আগেও ফোন করে সোহেল জানতে চেয়েছিলেন, আবার কবে একসঙ্গে কাজ করবেন। সেই কাজ আর কোনো দিন হবে না, এটাই রিয়েলিটি। সোহেল খান তোমার স্মৃতিগুলো চিরদিন অম্লান থাকবে। তোমার আত্মার শান্তি কামনা করি।’
শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যুশুটিংয়ের সময়ে সোহেল খানঅভিনয়শিল্পী হিসেবে একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। ‘ভাই’ বলেই সোহেল খানকে ডাকতেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি সোহেল খানকে স্মরণ করে লিখেছেন, ‘সোহেল ভাই, পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় জমাচ্ছে।’
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, সোহেল খানের সঙ্গে অভিনয়, আড্ডা, বিদেশভ্রমণ, রাগ-অভিমান, ঝগড়া—কত স্মৃতি রয়েছে তাঁর। ধামরাইয়ে গেলেই সোহেল খানের কথা মনে পড়বে বলে জানিয়েছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। লিখেছেন, ‘আপনার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক।’
অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবীব লিখেছেন, শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই সোহেল খানের অকালপ্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।
অভিনেত্রী হাসিমুনের কাছেও সোহেল খানের স্মৃতি হয়ে থাকবে একটি বিশেষ কথা। তাঁকে ‘ভালো মানুষ’ বলে সারা জীবন এমন থাকার পরামর্শ দিয়েছিলেন সোহেল খান। সেই কথাটি আজও কানে বাজবে, তিনি লিখেছেন, ‘সোহেল ভাই, তোমার বলা একটা কথা খুব মনে পড়ছে, “আপা, তুই অনেক ভালো একটা মানুষরে, তুই সারা জীবন এমনই থাকিস হাসি আপা।” কথাটা সারা জীবন আমার কানে বাজবে। আল্লাহ তোমাকে যেখানে রাখুন, ভালো রাখুন আমিন।’
পরিচালক রেদওয়ান রনি, দীপংকর দীপন, জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুবসহ নাটক ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা অনেকে শোক প্রকাশ করে সোহেল খানের আত্মার মাগফিরাত কামনা করেছেন। ২৪ নভেম্বর সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। এই অভিনেতাকে তাঁর গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হবে।
